সারা বাংলা
সুন্দরবনে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আটক, অস্ত্র-গুলিসহ জিম্মি জেলে উদ্ধার

সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও বনদস্যুদের কাছে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ রিফাত এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথ অভিযান চালায়। এ সময় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রাখা এক জেলেকে জীবিত উদ্ধার এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।
পরে রবিবার দিবাগত রাত ১টার দিকে সুন্দরবনসংলগ্ন মল্লিকবাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে বনদস্যু বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক আসাবুর সানা খুলনার দাকোপ থানা এলাকার বাসিন্দা। এর আগে ২০২৪ সালের ১২ নভেম্বর তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছিল কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দাবি, পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় সুন্দরবনে দস্যুতায় জড়িয়ে পড়েন।
আটক বনদস্যু, জব্দ করা নৌকা এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, শনিবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন দোবেকির সদস্যরা আড়পাঙ্গাশিয়া নদীসংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে বনদস্যুদের রসদসহ নৌকাটি জব্দ করেন। এ সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। জব্দ করা নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/আরএসএল