ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

ফিলিস্তিনে মিলল দুই হাজার বছরের পুরোনো সমাধির সন্ধান

ফিলিস্তিনে মিলল দুই হাজার বছরের পুরোনো সমাধির সন্ধান

আন্তর্জাতিক, আরব

ফিলিস্তিনে মিলল দুই হাজার বছরের পুরোনো সমাধির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে প্রায় দুই হাজার বছরের পুরোনো তিনটি বিশাল সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। ধারণা করা হচ্ছে, রোমান যুগের এসব সমাধি জেরুজালেমের ধনী ও অভিজাত পরিবারের সদস্যদের ছিল।

ফিলিস্তিনের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় এবং ইতালির সাপিয়েঞ্জা ইউনিভার্সিটি অব রোমের যৌথ প্রত্নতাত্ত্বিক অভিযানে এসব সমাধি আবিষ্কৃত হয়। ১৯৯৭ সাল থেকে বিশ্ববিদ্যালয়টির গবেষকেরা ওই অঞ্চলে খননকাজ পরিচালনা করছেন।


খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিষ্টীয় প্রথম শতাব্দীর মধ্যবর্তী সময়ের এসব সমাধি প্রাচীন জেরিকোর তেল এস-সুলতান থেকে কয়েক শ মিটার উত্তর-পশ্চিমে খিরবেত থানিয়াহ এলাকায় পাওয়া গেছে। পাহাড়ের পাদদেশে চুনাপাথরের শিলায় নির্মিত সমাধিগুলোতে কেন্দ্রীয় কক্ষের চারপাশে একাধিক সমাধিকুঠুরি রয়েছে।


খননকালে কাঠের কফিন, কারুকার্যখচিত চুনাপাথরের শবাধার, সমাধিসামগ্রী, বস্ত্রের টুকরা ও মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গবেষকদের মতে, সমাধিগুলোর আয়তন, স্থাপত্যশৈলী ও উদ্ধার করা নিদর্শন অভিজাত পরিবারের সদস্যদের সমাহিত করার ইঙ্গিত দেয়।


দ্বিতীয় মন্দির যুগে জেরুজালেমের পর জেরিকো ছিল জুদিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। হাসমোনীয় শাসক ও পরবর্তী সময়ে রাজা হেরোদ সেখানে শীতকালীন প্রাসাদ নির্মাণ করেছিলেন। জেরুজালেমের ধনী পরিবারগুলোরও সেখানে বিস্তীর্ণ খেজুর ও সুগন্ধি উদ্ভিদের বাগান ছিল।


প্রত্নতাত্ত্বিক অভিযানের পরিচালক লরেঞ্জো নিগ্রো জানান, এসব সমাধি প্রথম শতাব্দীর ইহুদি ইতিহাসবিদ ফ্লাভিয়াস জোসেফাসের বর্ণিত প্রভাবশালী পরিবারগুলোর জীবন ও সমাধি সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।


জেরিকোর প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক ইসা জাঘলের মতে, আবিষ্কৃত সমাধিগুলো আরও বড় কোনো সমাধিক্ষেত্রের অংশ হতে পারে। তবে এর প্রকৃত বিস্তৃতি এখনো নির্ধারণ করা যায়নি। সেখানে খনন ও গবেষণার কাজ অব্যাহত রয়েছে।


বিশ্বের প্রাচীনতম শহরগুলোর অন্যতম জেরিকোতে প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষের বসবাসের প্রমাণ পাওয়া গেছে।


সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন