আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নদী থেকে ২০ বছর বয়সী ফায়ারফাইটারের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাটাভিয়ায় ফক্স নদী থেকে উদ্ধার হওয়া মরদেহটি জেনেভা ফায়ার ডিপার্টমেন্টের ২০ বছর বয়সী তরুণ অগ্নিনির্বাপক কর্মী কোডি হিরিঙ্গার বলে শনাক্ত করেছে পুলিশ। থ্যাংকসগিভিংয়ের সকালে নর্থ রিভার রোডের ১০০ ব্লকের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের নিরাপত্তা ক্যামেরায় তার জীবনের শেষ মুহূর্তের দৃশ্য ধরা পড়েছে এবং তদন্ত শেষে নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি নিছক দুর্ঘটনা ছিল।
তরুণ এই সহকর্মীর অকাল মৃত্যুতে জেনেভা ফায়ার ডিপার্টমেন্টে শোকের ছায়া নেমে এসেছে। স্টেশন-১-এ তার সরঞ্জাম রাখার জায়গাটি এখন খালি পড়ে আছে, ঝুলছে শুধু তার নামের ফলকটি। ডেপুটি চিফ স্টিভ হার্নান্দেজ আবেগাপ্লুত হয়ে বলেন, ‘মাত্র কয়েক দিন আগেই আমরা তাকে দেখেছি। আমাদের সবার জন্য এটা অত্যন্ত আবেগঘন ও কঠিন এক সময়। আমরা একে অপরের পাশে থাকার পাশাপাশি হিরিঙ্গার পরিবারকেও সব ধরনের সহায়তা করার চেষ্টা করছি।’
মানুষের সেবা করার মানসিকতা কোডি পেয়েছিলেন তার পরিবার থেকেই। স্টিভ হার্নান্দেজ জানান, ‘সেবা করার বিষয়টি তার রক্তেই মিশে ছিল। তার দাদা শিকাগো ফায়ার ডিপার্টমেন্টে কাজ করতেন, আর কোডি আমাদের সাথে কাজ করে এবং মানুষের সেবা করে সেই পারিবারিক ঐতিহ্যই ধরে রেখেছিল।’ ২০২৪ সালে অন-কল ফায়ারফাইটার হিসেবে যোগ দেয়া কোডির আগামী সপ্তাহেই ইমারজেন্সি মেডিকেল টেকনিশিয়ান স্কুল থেকে স্নাতক শেষ করার কথা ছিল। তার অকাল মৃত্যুতে সহকর্মীরা আক্ষেপ করে বলেন, ‘সে ছিল প্রাণবন্ত এক তরুণ, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আর অনেক স্বপ্ন ছিল।’ আগামী কয়েক দিনের মধ্যেই তার স্মরণে শোকসভার আয়োজন করা হবে বলে ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: সিবিএস নিউজ
ডিবিসি/এসভিএন