আন্তর্জাতিক, অন্যান্য
যুক্তরাজ্যে পেনশন ও ভাতা ব্যবস্থায় সাইবার হামলা, বন্ধ অনলাইন সেবা

সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতাসংক্রান্ত অনলাইন সেবা বন্ধ হয়ে গেছে। দেশটির কর্ম ও পেনশন বিভাগ (ডিডব্লিউপি) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাজ্যের কর্ম ও পেনশনমন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন জানিয়েছেন, ডিডব্লিউপির তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের চেষ্টা চালানো হয়েছে। শুক্রবারের এ ঘটনার পর অনলাইন সেবা বন্ধ করে দেওয়া হয়। শনিবারও এসব সেবা চালু করা সম্ভব হয়নি।
এদিকে, পেনশন ও বিভিন্ন সরকারি ভাতাভোগীর কাছ থেকে অর্থপ্রাপ্তিতে বিলম্বের অভিযোগ পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, সাইবার হামলার কারণে নিয়মিত অর্থ পরিশোধের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী অর্থ প্রদান অব্যাহত থাকবে। অর্থপ্রাপ্তিতে বিলম্বের যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক নেই বলে মনে করছে বিভাগটি।
তবে অনলাইন সেবা বন্ধ থাকায় ভাতার আবেদনকারী ও সুবিধাভোগীদের নিয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ডিডব্লিউপির এক কর্মী বিবিসিকে জানিয়েছেন, সেবা বন্ধ থাকার সময় যত বাড়ছে, সুবিধাভোগীদের পরিস্থিতি নিয়ে কর্মীদের উদ্বেগও তত বাড়ছে।
ওই কর্মী বলেন, ‘কর্মীদের মনোবল কমে গেছে। কারণ, বর্তমানে আমরা নিজেদের বিভাগের চেয়ে বিবিসি নিউজ থেকেই বেশি তথ্য পাচ্ছি।’
অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের একজন মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, এ ঘটনার পেছনে বিদ্বেষমূলক কর্মকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সরকার।
সরকারের পক্ষ থেকে নিয়মিত অর্থ প্রদান অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হলেও অনলাইন সেবা বন্ধ থাকায় পেনশন ও ভাতাভোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কবে নাগাদ এসব সেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসএফএল