বাংলাদেশ, সারা বাংলা
ময়মনসিংহে অস্থিতিশীলতা সৃষ্টি ও মানবপাচারে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার ৪

ময়মনসিংহের ধোবাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও মানবপাচারে সহযোগিতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ধোবাউড়া উপজেলার গোবরচনা এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তের ১১৪২/৩৬ নম্বর পিলার থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার গোবরচনা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. রুবেল মিয়া (৩৩), মৃত আব্দুল করিমের সন্তান মো. আজহারুল ইসলাম (২৭), মো. এনামুল (২৩) ও মো. আনারুল হক (৩৫)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যের বরাতে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং সীমান্তবর্তী এলাকায় অবৈধ মানবপাচারে সহযোগীর ভূমিকা পালন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিবিসি/এসভিএন