সারা বাংলা
ঝিনাইদহে বিএনপি কর্মীকে যুবলীগ সদস্য দেখিয়ে আসামি করার অভিযোগ

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরও ঝিনাইদহের কালীগঞ্জে সোহাগ হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে ওয়ার্ড যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সোহাগ হোসেন কালীগঞ্জ উপজেলার আড়পাড়া নদীপাড়া গ্রামের হকার ওমর ফারুক কুটির ছেলে। তিনি স্থানীয়ভাবে ব্যাটারির ব্যবসা করেন।
স্থানীয় সূত্র ও সোহাগের দাবি, ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন সময়ে দলীয় মিছিল-সমাবেশে সামনের সারিতে থেকে স্লোগান দিয়েছেন। এসব কর্মসূচিতে তার অংশগ্রহণের ভিডিও রয়েছে বলেও দাবি করেন তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় ১৯ নভেম্বরের লকডাউন সফল করার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুলনা-ঝিনাইদহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেন।
এ ঘটনায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহম্মেদ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ওই মামলায় সোহাগ হোসেনকে ওয়ার্ড যুবলীগের সদস্য উল্লেখ করে ৩ নম্বর আসামি করা হয়েছে।
সোহাগ হোসেন বলেন, ‘আমি ব্যাটারি ব্যবসা করি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় মিছিল-মিটিংয়ে সামনের সারিতে থেকে স্লোগান দিয়েছি। অথচ আমাকে ওয়ার্ড যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী মামলার ৩ নম্বর আসামি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি কখনো কারও ক্ষতি করিনি। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে গরিব-অসহায় মানুষকে সহযোগিতা করেছি। অথচ আমাকে আওয়ামী লীগের কর্মী বানিয়ে মামলায় জড়ানো হয়েছে।’ সোহাগের অভিযোগ, নদীপাড়া এলাকার বিএনপির কয়েকজন নেতাকর্মী অনৈতিক সুবিধা না পেয়ে তাকে এ মামলায় জড়িয়েছেন।
বিএনপির সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মিরু খা বলেন, ‘বিএনপি কর্মী সোহাগ হোসেনের নামে নাশকতার মামলা হয়েছে বলে সে আমাকে জানিয়েছে। বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে এমনটা হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলেছি। সমাধান হয়ে যাবে।’
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, ‘বিষয়টি শুনেছি। এলাকায় লবিং-গ্রুপিং রয়েছে। উভয় পক্ষ আমার কাছে আসার কথা রয়েছে। তারা এলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ডিবিসি/আরএসএল