ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাইবান্ধা অ্যাডভোকেট বার নির্বাচনে অনিয়মের অভিযোগ, ৮ প্রার্থীর ভোট বর্জন

গাইবান্ধা অ্যাডভোকেট বার নির্বাচনে অনিয়মের অভিযোগ, ৮ প্রার্থীর ভোট বর্জন

সারা বাংলা

গাইবান্ধা অ্যাডভোকেট বার নির্বাচনে অনিয়মের অভিযোগ, ৮ প্রার্থীর ভোট বর্জন

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

গাইবান্ধা জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে আট প্রার্থী ভোট বর্জন করেছেন। নির্বাচন কমিশনের সিলবিহীন ৫৯টি ব্যালট পেপার বাতিলের দাবি জানিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান না পাওয়ায় তারা ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।

রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচনস্থল থেকে বেরিয়ে আসেন ওই আট প্রার্থী। পরে আদালত চত্বরে বিক্ষোভ করেন তারা।

 

ভোট বর্জনকারী সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সাঈদ আল আসাদ জানান, তার সঙ্গে সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম সরকার, সহসভাপতি প্রার্থী রফিকুল আলম চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম আযম এবং কার্যকরী সদস্য প্রার্থী মুত্তালিব হোসেন, শফিউল ইসলাম মণ্ডল, মো. ইউনুস ও আবু শাহীন প্রধান ভোট বর্জন করেছেন।

 

প্রার্থীদের অভিযোগ, ৫৯টি ব্যালট পেপারের পেছনে নির্বাচন কমিশনের সিল ছিল না। এসব ব্যালট বাতিলের দাবি জানানো হলেও কমিশন তা আমলে নেয়নি। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান পাওয়া যায়নি।

 

এর আগে রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। পরে ভোট গণনা শুরু হলে ৫৯টি ব্যালট পেপারের পেছনে নির্বাচন কমিশনের সিল না থাকার অভিযোগ তোলেন কয়েকজন প্রার্থী। সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট হানিফ বেলাল ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট সাঈদ আল আসাদসহ কয়েকজন আইনজীবী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

 

অন্যদিকে নির্বাচন কমিশনার জানান, অভিযোগকারীদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা রাজি হননি। নিয়ম অনুযায়ী ভোট গণনা কার্যক্রম চলছে।

নির্বাচনে সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহসভাপতি পদে চারজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন এবং কার্যকরী সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

এ ছাড়া ক্যাশিয়ার, মহিলা যুগ্ম সম্পাদক, গ্রন্থাগার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, সহসমাজকল্যাণ সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং নিরীক্ষক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে মোট ৩৪৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন