আন্তর্জাতিক
নিজের জীবন বাজি রেখে বহু প্রাণ বাঁচানো আল আহমেদ পেলেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাহসিকতা পদক

গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে ভয়াবহ হামলার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক বন্দুকধারীকে নিরস্ত্র করা সিডনির বাসিন্দা আহমেদ আল আহমেদকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সাহসিকতা পদকে ভূষিত করা হয়েছে।
চরম বিপদের মুহূর্তে অসীম সাহসিকতা দেখানোর জন্য অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল সামান্থা মোস্টিন তাকে ‘ক্রস অব ভ্যালর’ পদকের জন্য মনোনীত করেছেন, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে মাত্র ষষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি পেতে যাচ্ছেন। ওই হামলায় ১৫ জন নিহত হয়েছিলেন এবং নিহতদের মধ্যে তিনজনকে মরণোত্তর সাহসিকতা পদক দেয়া হয়েছে।
সিরীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় দোকান মালিক আহমেদ হামলার দিন কাছাকাছি একটি জায়গায় কফি খাচ্ছিলেন, ঠিক তখনই ইহুদিদের হানুক্কা উৎসব লক্ষ্য করে ওই সন্ত্রাসী হামলা শুরু হয়। একটি গাড়ির আড়াল থেকে ঝাঁপিয়ে পড়ে বন্দুকধারীকে কাবু করা এবং তার রাইফেল কেড়ে নেয়ার সেই মুহূর্তের ভিডিও দ্রুতই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এই দুঃসাহসিক কাজের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা তার ভূয়সী প্রশংসা করেন। হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির সময় আহমেদ একাধিকবার গুলিবিদ্ধ হয়েছিলেন এবং পরবর্তীতে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন। পুলিশের মতে, আহমেদের সেই তাৎক্ষণিক পদক্ষেপ সেদিন আরও অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছিল।
আগামী ১৪ ডিসেম্বর ওই হামলার বর্ষপূর্তির আগেই গভর্নর জেনারেল এই সম্মাননার ঘোষণা দেন। এক বিবৃতিতে সামান্থা মোস্টিন বলেন, ‘পুরো দেশ যখন ওই হামলার ভয়াবহতা দেখছিল, তখন চরম বিপজ্জনক পরিস্থিতিতে নিজের নিরাপত্তার কথা একটুও না ভেবে অন্যদের বড় ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে এগিয়ে এসেছিলেন মি. আল-আহমেদ।’
এছাড়া হামলাকারীর বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে নিহত দম্পতি বোরিস ও সোফিয়া গুরম্যানকে মরণোত্তর ‘স্টার অব কারেজ’ এবং হামলাকারীকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে প্রতিহত করার চেষ্টা করা রুভিয়েন মরিসনকে মরণোত্তর ‘ব্রেভারি মেডেল’ দেয়া হয়েছে। গভর্নর জেনারেল জানান, ‘অত্যন্ত করুণ পরিস্থিতিতে মি. ও মিসেস গুরম্যান এবং মি. মরিসন অন্যদের রক্ষা করতে গিয়ে সাহসিকতার সাথে প্রাণ দিয়েছেন। এই ভয়াবহ ঘটনার পর আরও অনেকেই তাৎক্ষণিক সাহায্য ও সেবা নিয়ে এগিয়ে এসেছিলেন, যাদের সাহসিকতা ও মানবিকতার অনেক গল্প এখনো অজানা রয়ে গেছে।’
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন