বাংলাদেশ, সারা বাংলা
ময়মনসিংহে ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার, বাড়ি থেকে বিপুল বাঁশের লাঠি উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে সাইদুল ইসলাম (৪২) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে বিপুলসংখ্যক বাঁশের তৈরি লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুতীরপাড় গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রেস নোটে জানানো হয়, নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার সাইদুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। তিনি সুতীরপাড় গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা লাঠিসোঁটা ব্যবহার করে মশাল মিছিল, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনা ছিল। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হবে ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/এসভিএন