ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

২০২৮ শিক্ষাক্রমে বড় পরিমার্জন ও সংস্কার হবে : মাহদী আমিন

২০২৮ শিক্ষাক্রমে বড় পরিমার্জন ও সংস্কার হবে : মাহদী আমিন

বাংলাদেশ, জাতীয়

২০২৮ শিক্ষাক্রমে বড় পরিমার্জন ও সংস্কার হবে : মাহদী আমিন

বাসস

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

২০২৭ সালের জানুয়ারিতে ক্লাস শুরুর আগেই সারা দেশের সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্যোগে আয়োজিত ‘সুধীজন সংলাপ : কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, ‘তবে সময় স্বল্পতার কারণে এবার শিক্ষাক্রমে প্রত্যাশিত মাত্রায় সংস্কার করা সম্ভব হয়নি। এজন্য ২০২৮ শিক্ষাবর্ষকে সামনে রেখে এখন থেকেই পূর্ণাঙ্গ ও বিস্তৃত প্রস্তুতি নেয়া হবে।’


বই মুদ্রণের সময়সীমা প্রসঙ্গে উপদেষ্টা জানান, জানুয়ারিতে বই দিতে হলে সাধারণত জুলাই মাসের মধ্যেই কাজ শেষ করতে হয়। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর নতুন দল সাজিয়ে দেশব্যাপী মতামত নেয়ার জন্য তিন থেকে চার মাস সময় যথেষ্ট ছিল না বলে প্রথম বছরে পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হয়নি। তবে এনসিটিবির অধীনে শতাধিক শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ দল কাজ করে বিগত সময়ের পাঠ্যবইয়ে থাকা ইতিহাস বিকৃতি, মিথ্যা তথ্য ও ভুলভ্রান্তি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন এনেছে, যা একটি চলমান প্রক্রিয়া। আজকের আলোচনায় বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও অংশীজনদের যেসব মতামত উঠে এসেছে, তা নোট আকারে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে যাতে ২০২৮ শিক্ষাবর্ষের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোনো যায়।


শিক্ষাব্যবস্থায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী শিক্ষাকে কেবল বড় ডিগ্রি অর্জনের মাধ্যম হিসেবে দেখেন না; বরং শিক্ষার্থীদের সঠিক নীতি ও আদর্শসম্পন্ন মানবিক মানুষ এবং ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী নাগরিক বা উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। এর অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ যুক্ত করা হচ্ছে। এছাড়া ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, বিনামূল্যে স্কুল ড্রেস, মিড ডে মিল ও স্কুল ব্যাগ দেয়ার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, তৃতীয় ভাষাকে গুরুত্ব দেয়া এবং এসএসসি ও এইচএসসিতে অকৃতকার্য বা আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যেই পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম দেখার সুযোগও দেয়া হচ্ছে।


আলোচনায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন