বাংলাদেশ, জাতীয়
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

দুবাইয়ে ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আমন্ত্রণবার্তায় শেখ মোহাম্মদ বলেন, মানবজাতির জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানাতে তিনি আগ্রহী। তিনি তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাঁদের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
তিন দিনের সম্মেলনের প্রতিপাদ্য ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ বা ‘ভবিষ্যতের সরকার গঠন’। এ সম্মেলনে সরকারপ্রধান, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিরা বৈশ্বিক চ্যালেঞ্জ ও শাসনব্যবস্থার নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারী দেশগুলো নীতি প্রণয়নের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি টেকসই অগ্রগতির জন্য যৌথভাবে কাজ করার সুযোগ খোঁজে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ১৫০টির বেশি দেশ থেকে মোট ৬ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ৬০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ৫০০ জনের বেশি মন্ত্রী।
ডিবিসি/ আরএফই