বাংলাদেশ, সারা বাংলা
নাটোরের উত্তরা গণভবনের পাশে কাপড়ে মোড়ানো নবজাতক কন্যাশিশু উদ্ধার

নাটোরের উত্তরা গণভবনের দক্ষিণ পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় চার থেকে পাঁচ দিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন এলাকাবাসী।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা গণভবনের দক্ষিণ প্রাচীরসংলগ্ন এম কে কলেজ ভবনের পেছনে ক্যানেলের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় জুয়েল নামের এক যুবক শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে ওই পথে যাওয়া দুই নারীর সহযোগিতা নিয়ে খোঁজাখুঁজি করে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুকে দেখতে পান তিনি। এ খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে একনজর দেখতে সেখানে ছুটে আসেন উৎসুক জনতা। এ সময় অনেকেই শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে চার থেকে পাঁচ দিন বয়সী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে সমাজসেবা কার্যালয়ের জিম্মায় শিশুটিকে রাখা হয়েছে।
তিনি আরও জানান, কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, তা শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত নবজাতকটি সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে ছিল।
ডিবিসি/এসভিএন