ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে নিরাপত্তা জোরদার ও নাশকতা ঠেকাতে ১০ স্থানে আনসার সদস্য মোতায়েন

ময়মনসিংহে নিরাপত্তা জোরদার ও  নাশকতা ঠেকাতে ১০ স্থানে আনসার সদস্য মোতায়েন

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে নিরাপত্তা জোরদার ও নাশকতা ঠেকাতে ১০ স্থানে আনসার সদস্য মোতায়েন

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

ময়মনসিংহে রেলওয়ে স্টেশন, রেললাইন ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করতে ১১৫ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাশাপাশি তারা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন ও স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলার বিভিন্ন রেলওয়ে স্টেশনে আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। শনিবার (২৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী দুই মাস পর্যন্ত চলবে।


রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, রেল যোগাযোগ স্বাভাবিক রাখা, যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে এসব সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মশাখালী, গফরগাঁও, আউলিয়ানগর, ময়মনসিংহ, গৌরীপুর, শ্যামগঞ্জ, নেত্রকোনা, ঝারিয়া-ঝাঞ্জাইল ও মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন এবং কেওয়াটখালী লোকোসেড।


এসব স্থানে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে ৩০ জন ব্যাটালিয়ন আনসারসহ মোট ১১৫ জন আনসার ভিডিপি সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করবেন।


ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক (সিআই) মো. সিরাজুল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশন, রেললাইন ও গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা প্রতিরোধে বাড়তি নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।


ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, রেললাইন ও স্টেশনের নিরাপত্তায় ৩০ জন ব্যাটালিয়ন আনসারসহ মোট ১১৫ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রেলওয়ের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ ও আরএনবির পর্যাপ্ত সদস্যও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।


ময়মনসিংহ জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট সোহেলুর রহমান বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রেলস্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করবেন। যেকোনো অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে তারা দায়িত্ব পালন করবেন।


বাড়তি নিরাপত্তাব্যবস্থার ফলে ময়মনসিংহ অঞ্চলের রেলপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত এবং রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন