ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ভোলার নতুন কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান, দৈনিক মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ভোলার নতুন কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান, দৈনিক মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ, সারা বাংলা

ভোলার নতুন কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান, দৈনিক মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ভোলার নতুন গ্যাসকূপ নর্থ-৩-এর তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ স্তর থেকে দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রতিষ্ঠানটি। এর আগে একই কূপের প্রথম ও দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান পাওয়া যায়।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরে গ্যাসের উপস্থিতি ও উত্তোলন সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা শুরু করে বাপেক্স। পরীক্ষায় এ স্তরেও গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


বাপেক্সের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটে কূপটির প্রথম স্তরে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়। ওই স্তর থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনার কথা জানানো হয়। পরে ২২ নভেম্বর সন্ধ্যায় দ্বিতীয় স্তরে পরীক্ষা শুরু করা হয়। এ স্তর থেকে দৈনিক ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।


তৃতীয় স্তরের পরীক্ষায়ও গ্যাসের উপস্থিতি পাওয়ায় কূপটি নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। তবে তিনটি স্তর মিলিয়ে কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব পরীক্ষা ও কারিগরি মূল্যায়ন শেষে মজুতের পরিমাণ সম্পর্কে চূড়ান্ত ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে বাপেক্স।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোলায় সর্বমোট তিনটি গ্যাসক্ষেত্র রয়েছে। এগুলো হলো- শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা। এর মধ্যে ১৯৯৫ সালে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। ২০০৯ সালে সেখান থেকে গ্যাস উৎপাদন শুরু হয়। ২০১৮ সালে ভোলা নর্থ এবং ২০২৩ সালে ইলিশা গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। নতুন ভোলা নর্থ-৩ কূপসহ তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।

 

ভোলায় একের পর এক গ্যাসের সন্ধান জেলার শিল্পায়ন ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করছেন ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম নবী আলমগীর। তিনি বলেন, ভোলায় আবিষ্কৃত গ্যাসের সুফল সবার আগে স্থানীয় জনগণ ও শিল্পপ্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেয়া উচিত। পাশাপাশি ভোলাকে বিশেষ গুরুত্ব দিয়ে স্থানীয়ভাবে গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেয়া প্রয়োজন। এটি জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এর মাধ্যমে একদিকে যেমন ভোলার অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে, অন্যদিকে বিপুলসংখ্যক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


এদিকে ভোলায় আরও গ্যাস অনুসন্ধানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ডা. মো. শামীম রহমান। তিনি বলেন, জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হওয়ার আগপর্যন্ত উত্তোলিত গ্যাস স্থানীয় পর্যায়ে ব্যবহারের উদ্যোগ নেয়া প্রয়োজন। গ্যাসসম্পদকে ঘিরে জাতীয় পর্যায়ে ভোলার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হলে এ জেলার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে দেশের সাধারণ মানুষও এ গ্যাসসম্পদের সুফল ভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন