ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

সাগর পাড়ি দিয়ে তিন দিনে গ্রিসে প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশীর ঢল

সাগর পাড়ি দিয়ে তিন দিনে গ্রিসে প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশীর ঢল

আন্তর্জাতিক

সাগর পাড়ি দিয়ে তিন দিনে গ্রিসে প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশীর ঢল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

শুক্রবার (২৭ নভেম্বর) থেকে ছোট নৌকায় চড়ে উত্তর আফ্রিকা থেকে প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশী গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটে পৌঁছেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

রবিবার (২৯ নভেম্বর) দেশটির অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস জানান, শুক্রবার থেকে শুরু হওয়া অভিবাসীদের এই বিশাল স্রোত সামাল দেয়া গ্রিসের জন্য এ বছরের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, ক্রিট ও গ্রিসের সর্বদক্ষিণের দ্বীপ গাভদোসের কাছের নৌকাগুলো থেকে এক হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং শনিবার গাভদোসে দুই অভিবাসীর মরদেহ পাওয়া গেছে।


মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ এই ক্রিট দ্বীপে স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলো উপচে পড়ায় শত শত অভিবাসনপ্রত্যাশীকে রাজধানী হেরাক্লিওনের একটি জিমনেসিয়ামে রাখা হয়েছে। হেরাক্লিওনের মেয়র অ্যালেক্সিস কালোকাইরিনোস বলেন, ‘তারাও মানুষ, আর মানুষ যেখানেই থাকুক এবং যে পরিস্থিতিতেই থাকুক না কেন, তাদের মানবাধিকার অক্ষুণ্ণ থাকে। এই মৌলিক নীতি সমুন্নত রাখতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’

 

অন্যদিকে সামাজিক নীতি বিষয়ক ডেপুটি আঞ্চলিক গভর্নর স্টেলিওস ভোরগিয়াস পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো উল্লেখ করে বলেন, ‘এই মুহূর্তে প্রায় দুই হাজার অভিবাসনপ্রত্যাশী হেরাক্লিওন বন্দরে আটকা পড়ে আছেন, যারা তীব্র শীত এবং সম্ভাব্য বৃষ্টির ঝুঁকিতে রয়েছেন।’ মানবিক দিক বিবেচনা করে নারী ও শিশুসহ এই মানুষগুলোকে রাতের শীত ও বৃষ্টি থেকে বাঁচাতে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।


সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসীদের ক্রমবর্ধমান চাপ সামলাতে হিমশিম খাচ্ছে গ্রিস। জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছরেই দেশটিতে ৪০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন, যা ২০২৫ সালের পুরো বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতি মোকাবিলায় গ্রিক সরকার হেরাক্লিওনের কাছে একটি অস্থায়ী আবাসন কমপ্লেক্স খোলার পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়া অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ফেরত পাঠাতে আগামী বছর রুয়ান্ডায় একটি ডিপোর্টেশন সেন্টার খোলার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ- গ্রিস, জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া ও নেদারল্যান্ডস।

 

মানবাধিকার সংস্থাগুলো এই উদ্যোগকে অভিবাসীদের অধিকারের লঙ্ঘন বলে সমালোচনা করলেও দেশগুলোর দাবি, এটি আন্তর্জাতিক ও ইউরোপীয় আইন মেনেই করা হচ্ছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন