আন্তর্জাতিক
নেপালে ঘুরতে গিয়ে বাদুড়ের গুহায় আটকা ভারতীয় নারী, শেষমেশ নিরাপদে উদ্ধার

নেপালের পোখরার জনপ্রিয় পর্যটনকেন্দ্র চামেরে গুফা বা ‘ব্যাট কেভ’-এর ভেতরে পাথরের সরু পথে আটকা পড়েছিলেন এক ভারতীয় নারী পর্যটক। ঘুরতে গিয়ে গুহার একটি সংকীর্ণ অংশে ঢুকে পড়ার পর তিনি আর সামনে এগোতে বা বের হতে পারছিলেন না।
ভয়ে আতঙ্কিত হয়ে তিনি কান্নাকাটি শুরু করেন এবং বারবার মাকে ডাকতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে তাকে সরু জায়গায় আটকা পড়ে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে।
তার কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। ভিডিওতে দেখা যায়, টর্চলাইট হাতে এক ব্যক্তি ওই নারীর কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছেন। তিনি প্রথমে নারীটির ভারী ব্যাগটি নিয়ে নেন যাতে তার নড়াচড়া করতে সুবিধা হয়, এবং এরপর টিকিট কাউন্টারে গিয়ে উদ্ধারকর্মীদের ডেকে আনার আশ্বাস দেন। খবর পেয়ে নিরাপত্তাকর্মী ও একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই নারীকে নিরাপদে বাইরে বের করে আনেন। উদ্ধারের পর তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানা গেছে।
পোখরার বাটুলেচৌরে অবস্থিত চামেরে গুফা মূলত প্রাকৃতিক চুনাপাথরের তৈরি একটি গুহা, যা বাদুড় ও সরু পাথুরে পথের জন্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে বেশ পরিচিত। তবে গুহাটির ভেতর অন্ধকার, স্যাঁতসেঁতে ও পিচ্ছিল হওয়ায় ভ্রমণের সময় পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়। বিশেষ করে সরু পথগুলো পার হওয়ার সময় উপযুক্ত জুতা পরা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং স্থানীয় গাইডের সাহায্য নেয়া জরুরি।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসভিএন